চকরিয়ায় ১০টার পর অফিসে আসেন ভূমি কর্মকর্তা, প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে তর্ক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

চকরিয়ায় ১০টার পর অফিসে আসেন ভূমি কর্মকর্তা, প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে তর্ক

চকরিয়ায় ১০টার পর অফিসে আসেন ভূমি কর্মকর্তা, প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে তর্ক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত তহসিলদার খালেদা বেগমের বিরুদ্ধে। প্রতিদিন সকাল ১০টার পর অফিসে আসার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধানে চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসে যান দৈনিক সাঙ্গুর চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদের। এ সময় খালেদা বেগমের কাছে প্রতিদিন সকাল ১০টার পর অফিসে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। উল্টো সাংবাদিককে প্রশ্ন করেন, “কেন প্রশ্ন করবেন?” তিনি বলেন, “১০টায় আসব নাকি কয়টায় আসব, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।” এ নিয়ে সাংবাদিকের সঙ্গে তিনি তর্কে জড়িয়ে পড়েন।

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি অফিসে সময়মতো কর্মকর্তা উপস্থিত না থাকায় প্রয়োজনীয় সেবা পেতে তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, “বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




কক্সবাজারে ৩৫ টির বেশি দেশের অংশগ্ৰহণে দুইটি আন্তর্জাতিক আইইইই সম্মেলন

কক্সবাজারে ৩৫ টির বেশি দেশের অংশগ্ৰহণে দুইটি আন্তর্জাতিক আইইইই সম্মেলন
ছবি সংগৃহীত।

কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ৩৫টির বেশি দেশের অংশগ্ৰহণে বিইউবিটির আয়োজনে দুটি আন্তর্জাতিক আইইইই সম্মেলন। শহরের একটি তারকা হোটেলের কনফারেন্স হলে ১ নভেম্বর অনলাইনে টেকনিক্যাল সেশনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়।

১১তম আইইইই এশিয়া-প্যাসিফিক কনফারেন্স অন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং-আইইইই সিএসডিই এবং ১২তম আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-আইইই আই-কোস্ট সম্মেলনে 
পাঁচটি কিনোট-টক, ৮৬টি অনলাইন টেকনিক্যাল সেশন, ২১টি অন-সাইট সেশন এবং যৌথ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে।

সম্মেলনে আলোচকরা হলেন, আইইইই ফেলো অধ্যাপক ড. ইয়াং শিয়াং, অধ্যাপক ড. ইউই-নাম হুহ, অধ্যাপক ড. ওয়াং লিমসুন, এসিএম ফেলো অধ্যাপক ড. সাইদুর রহমান এবং অধ্যাপক ড. শামস রহমান।

তাঁদের উপস্থাপনায় উদীয়মান প্রযুক্তি, গবেষণার চ্যালেঞ্জ এবং কম্পিউটিং ও টেকসই প্রকৌশলের অগ্ৰগতি সম্পর্কে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলন দুটিতে মোট ৫৫৪টি নিবন্ধিত গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে। এর মধ্যে আইইইই আই-কোস্ট ২০২৬-এ ২১৭টি এবং আইইইই সিএসডিই ২০২৬-এ ৩৩৭টি গবেষণাপত্র রয়েছে। গবেষণাপত্রগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে কম্পিউটার বিজ্ঞান, ডেটা সায়েনস, কৃত্ৰিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি, স্মার্ট কৃষি, ইন্টারনেট অব থিংস, সাইবার নিরাপত্তা, শিল্প অটোমেশন ও রোবোটিক্স।

অংশগ্ৰহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রৰ, যুক্তরাজ্য, চীন, ইন্দোনেশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ফিজি, রুয়ান্ডা, মালয়েশিয়া, সৌদি আরব, জাপান, আফগানিস্তান, ইউক্রেন, মরিশাস ও পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভাসিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান এবং চ্যাপ্টারের চেয়ার-ইলেক্ট এবং উভয় সম্মেলনের পুরস্কার কমিটির চেয়ার অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য এবং উভয় সম্মেলনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান আইইইই সিএসডিই ২০২৬-এর জেনারেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ আইইইই আই-কোস্টের জেনারেল চেয়ার হিসেবে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক কনফারেন্স দুটির উপদেষ্টা প্যানেলের সদস্য এবং ড. মুহাম্মদ আমিনুর রহমান উভয় সম্মেলনের অৰ্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইইইই সিএসডিই-এর জেনারেল কো-চেয়ার এবং আইইইই আই-কোস্টে-এর টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির (টিপিসি) চেয়ার অধ্যাপক ড. মো. আহসান হাবীব জানান, কক্সবাজার ও বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের নীল-অর্থনীতির উন্নয়নে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদার করা সম্মেলন দুটির অন্যতম লক্ষ্য। এ আয়োজন একাডেমিক গবেষণার সঙ্গে বাস্তব প্রয়োগের সংযোগ স্থাপন এবং কক্সবাজারের টেকসই উন্নয়নে প্ৰযুক্তিনি্ভর সমাধানকে উৎসাহিত করছে। পাশাপাশি অংশগ্ৰহণকারীদের পেশাগত যোগাযোগ গড়ে তোলা ও ভবিষ্যৎ যৌথ গবেষণার সুযোগ অনুসন্ধানের ক্ষেত্ৰ তৈরি করছে।

সহযোগী সংস্থা ও পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বিইউবিটি, আইইইই, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, আইইইই সিস্টেমস কাউন্সিল, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিডিএআই এবং মার্কো রোবোটিক্স বিডি।

আগামী ৩ নভেম্বর যৌথ সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সম্মেলন দুটি সমাপ্ত হবে।




চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার পহরচাঁদা মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ ওই উপজেলার পহরচাঁদা ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়ার মৃত সোলতান আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয়রা জানান, নিহত রশিদ আহমদ কানে কম শুনতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।




কক্সবাজারে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই

কক্সবাজারে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই
ছবি সংগৃহীত।

রাতের আঁধারে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন বিকাশের দোকানি মোহাম্মদ সাঈদ। পথে আগে থেকেই ওত পেতে ছিল চারজন দুর্বৃত্ত। তারা দুটি মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ছিনিয়ে নেয় ২২ লাখ টাকা। রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা সাঈদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহত সাঈদের স্বজনেরা।

আহত সাঈদ সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন।

তার খালাতো ভাই হাবিবের ভাষ্য, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

হাবিব আরও বলেন, হামলার পর সাঈদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

হাবিবের দাবি, হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন সাঈদ। তার নেতৃত্বেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে আহত সাঈদ স্বজনদের জানিয়েছেন। তবে অন্য তিনজনকে শনাক্ত করতে পারেননি তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ২২ লাখ টাকা ছিনতাই ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।