চকরিয়ায় কাঁচাবাজারের নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের হক সুপার মার্কেট ও কাঁচাবাজার এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগ-বণ্টন এবং বিপুল অঙ্কের অর্থের হিসাব নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরদিনই এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার চিরিংগা মৌজার ৪২ নম্বর বিএস খতিয়ানের ৭৬ নম্বর দাগের অন্তর্ভুক্ত ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪১ ও ৩৪২ নম্বর দাগে তাঁদের পৈতৃক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির মালিকানা ও ভোগদখল নিয়ে চার ভাইবোনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে পারিবারিক সমঝোতায় ছোট ভাই তৌফিকুল হক রিপনকে মৌখিকভাবে সম্পত্তি দেখাশোনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগে বলা হয়, ওই সম্পত্তিতে বিভিন্ন দোকান ও মার্কেটের মালিকদের কাছ থেকে সেলামি ও ভাড়া বাবদ আনুমানিক ৫ কোটি ২০ লাখ টাকা আদায় করা হয়েছে। মার্কেট নির্মাণ ও অন্যান্য খরচ বাবদ প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় দেখিয়ে অবশিষ্ট প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা অন্য ভাইবোনদের বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
গত ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় রূপালী ব্যাংক-সংলগ্ন একটি কার্যালয়ে পাওনা টাকা ও পৈতৃক সম্পত্তির হিসাব চাইতে গেলে তৌফিকুল হক রিপন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মার্কেটে কাজ করতে এলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগকারীর দাবি। এ ঘটনায় পরদিন ১৯ নভেম্বর চকরিয়া থানায় সাধারণ ডায়েরি রুজু করেন তিনি।
অভিযোগকারীদের দাবি, জিডি করার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তৌফিকুল হক রিপন নিজেই সদলবলে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর চালান। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চিরিংগা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় নির্মাণাধীন ভবনের পাকা দেয়ালে লাথি মেরে ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাঁদের মধ্যে রিপনের স্ত্রী নিলীমা নাসরিন সুমি ও শাশুড়ি, শ্যালক ঈদগাহ মাইজপাড়া এলাকার শিহাব এবং সম্বন্ধী ডা. সাদেক রয়েছেন বলে জানা গেছে। এ সময় তিন নির্মাণশ্রমিক বেলাল, ইমাম হোসেন ও আবদুল মুবিনকে মারধর করে আহত করা হয়।
এ ঘটনায় অভিযোগকারীরা আরও আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, ঘটনার পর চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে অভিযোগের প্রেক্ষাপটে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










