গুনাগরীতে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, দখলদারদের বিরুদ্ধে মামলা

বাঁশখালী উপজেলার প্রধান সড়ক গুনাগরী খাসমহল এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে যানজট কমাতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, গুনাগরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী, কালীপুর ইউনিয়নের সরকার দলীয় প্রতিনিধি রবিউল হাসান শাপলাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
প্রশাসনের এ অভিযানে সড়ক দখল করে অবৈধ স্থাপনা ও দোকানের মালামাল সড়কের উপর রেখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ লঙ্ঘন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন করে যত্রতত্রে দীর্ঘক্ষণ ব্যস্ত সড়কে পার্কিং করায় একটি বাসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় জনস্বার্থে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া গুনাগরী খাসমহল থেকে মোশাররফ আলী মিয়া বাজার সড়কে যানজট নিরসনের লক্ষ্যে গুনাগরী স্টেশনের সিএনজি অটোরিকশা পার্কিং স্থান ব্রিজের পশ্চিম পাশে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অমান্য করে কেউ যানজট সৃষ্টি করলে বা নির্ধারিত স্থানের বাইরে পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, গুনাগরী খাসমহল এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধ দখল, অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিং এবং বাজারকেন্দ্রিক ভিড়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে আসছিল। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যান চলাচল স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা।






