খাবারের বস্তা কাঁধে,নৌকায় চড়ে বন্যাদুর্গতদের পাশে সাইফুল ইসলাম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় যখন অনেক পরিবার পানিবন্দি হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন,ভৌগলিক দিক দিয়ে পিছিয়ে পড়া একটি ইউনিয়ন বমু বিলছড়ি,তখনই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক সাইফুল ইসলাম। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের নজর কেড়েছে, যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে নিজের কাঁধে ভারী খাবারের বস্তা বহন করে নৌকায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সাইফুল ইসলাম। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় আটকে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে এভাবে নিজে উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার এই কঠিন সময়ে যখন ঘরে খাবার ফুরিয়ে আসছিল এবং যাতায়াতের কোনো উপায় ছিল না, তখন সাইফুল ইসলামের এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত।
এই বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। বমু বিলছড়ির প্রতিটি পানিবন্দি মানুষ যেন নিরাপদে থাকে এবং কেউ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।
গত কয়েক দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় বমু বিলছড়ির মানুষের পাশে দাঁড়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের নিজ তাহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিলেন তিনি।
বন্যাদুর্গত এলাকার মানুষের সার্বিক পরিস্থিতির উন্নতি কামনা করে স্থানীয় সচেতন মহল এবং দুর্গত ব্যক্তিরা তার এই নিঃস্বার্থ মানবিক কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।









