এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রীছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর এলাকায় শ্যামলী পরিবহনের নৈশকোচের মালামাল রাখার খোলা বক্সের দরজার আঘাতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা পাংচার (ব্লাস্ট) হলে যাত্রীরা রাস্তার পাশে নেমে দাঁড়ান। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি এসি নৈশকোচ পাশ দিয়ে যাওয়ার সময় খোলা বক্সের দরজার আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
এ সময় খাগড়াছড়ি সদরের শান্তিনগরের মৃত আবুল কাশেমের ছেলে যাত্রী শাহ আলম (৩৫) এর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং যাত্রী জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৫) গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর শ্যামলী বাসের চালকসহ অন্য কর্মীরা (স্টাফ) গাড়ি রেখে পালিয়ে যান। সোমবার সকালে নাকাপা বাজারসংলগ্ন নাকাপা হাইস্কুলের যাত্রীছাউনি থেকে চালক মো. রব শেখের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রব শেখ পাবনার সুজানগর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তিনি পালিয়ে এসে যাত্রীছাউনিতে পোশাক বদলে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠায়। চালকের এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









