এমপি শাহজাহান চৌধুরীর আহ্বানে বন্যার্তদের পাশে ডিফেন্ডার্স অব লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আহ্বানে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ডিফেন্ডার্স অব লোহাগাড়া। সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পিতবার ও শুক্রবার লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে ডিফেন্ডার্স অব লোহাগাড়ার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরমান উদ্দিন উপস্থিত থেকে এ খাবার বিতরণ করা হয় এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বন্যার্ত পরিবারের হাতে খাবার পৌঁছে দেন।
প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরমান উদ্দিন বলেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আহ্বানে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সবাই সম্মিলিতভাবে কাজ করলে বন্যার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।
এ সময় খাবার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এলাকার বাসিন্দারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এমন সময় রান্না করা খাবার বিতরণ তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।
ডিফেন্ডার্স অব লোহাগাড়ার পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।






