উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে নাশকতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব স্থানীয় মাইজপাড়া চৌমুহনী এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাবিবসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাবিবের ভাই আবদুর রহিমের অভিযোগ, হাবিব ভোরে তাঁদের অসুস্থ মাকে দেখতে এসেছিলেন; এরপর বাজারে ওষুধ আনতে গেলে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন যুবক তাঁর ভাইকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান বলেন, কিছু দুষ্কৃতকারী বুধবার দিবাগত রাতে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করলে টহল পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া তৈলারদ্বীপ এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করেছে।









