আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বান্দরবানের আলীকদমে চলমান ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ জুলাই (শনিবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ও বন্যা কবলিত প্রায় ৭৫ থেকে ৮০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সরাসরি নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় এ ত্রাণ কার্য পরিচালনা করা হয়।
ত্রাণ বিতরণকালে আশ্রয়কেন্দ্রে থাকা রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬টি পরিবার, নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ২২টি পানিবন্দী পরিবারসহ মোট ৭৫টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, অত্যন্ত দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৭ বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। একই সাথে ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় পাহাড়ের নৃ-গোষ্ঠী ও বাঙালিদের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা, আর্থিক অনুদান এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে এই ব্যাটালিয়ন।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বন্যা কবলিত এলাকার পানিবন্দী পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর রাখা এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্গতদের আশ্রয়কেন্দ্রে আনা নেওয়াসহ যেকোনো উদ্ধার পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
ত্রাণ বিতরণকালে আলীকদম ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









