আনোয়ারা সরকারি কলেজের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

আনোয়ারা সরকারি কলেজের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ

আনোয়ারা সরকারি কলেজের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ
ছবি সংগৃহীত।

‘বন্ধুত্বের বাঁধন, আনন্দের ভ্রমণ’—এই চমৎকার স্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ। শনিবার পুরোনো বন্ধুরা মেতে উঠেছিলেন এক অনাবিল আনন্দ উৎসবে।

জানা গেছে, শনিবার বিকেলে চাঁনপুর চা-বাগানের উদ্দেশে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে সুসজ্জিত একটি বহর নিয়ে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। দীর্ঘ বছর পর একে অপরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন সহপাঠীরা। একসময়ের চিরচেনা বন্ধুদের এই মিলনমেলা যেন রূপ নিয়েছিল এক টুকরো উৎসবে। স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো যাত্রা। চা-বাগানের সবুজ গালিচায় ঘেরা মনোরম পরিবেশে পৌঁছানোর পর সবার আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে যায়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যান সবাই। সেখানে বন্ধুদের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকম স্মৃতিচারণমূলক আড্ডা, গান এবং বিশেষ আপ্যায়নের। সকলের হাসিমুখ এবং একরাশ রঙিন স্মৃতি বুকে নিয়ে সন্ধ্যার পর সফলভাবে সমাপ্ত হয় এই আনন্দ ভ্রমণ।

এতে বিভিন্ন পর্বে দায়িত্ব পালন করেন রিপন, মাসুম, তোফায়েল আহমেদ, এনাম, আরিফ, আবু বক্কর ও ব্রজহরি।

আয়োজকদের মধ্যে তোফায়েল আহমেদ বলেন, "কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে দীর্ঘ সময় আমাদের একে অপরের সাথে ওভাবে যোগাযোগ হয়ে ওঠেনি। কিন্তু এই পুনর্মিলনী আমাদের আবারও সেই কলেজজীবনের সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে। এই বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।"




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।