আনোয়ারা আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, জনস্বাস্থ্যের প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. করবী বড়ুয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিতালি সেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, 'নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত না হলে একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে কাজ করতে হবে।'
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।






