আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই সম্পন্ন. আনোয়ারা নতুন কুঁড়ি বাছাই পর্বে বক্তব্য রাখছেন ইউএনও মো. মহিন উদ্দিন

সারা দেশ থেকে মেধাবী ক্রীড়াবিদ নির্বাচনে কিশোর-কিশোরীদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আনোয়ারায় ৮টি ইভেন্টের নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) সকালে আনোয়ারা সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিন উদ্দিন। আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে বাছাই পর্বে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা শামীম আহম্মদ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ম রাশিদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়–য়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদব চন্দ্র বসু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিন্দুল বারী, সুব্রত দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভুঁইয়া, স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়াংকা চাকমা, জান্নাতুল আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন উসলাম ও পল্লবী দাশ প্রমুখ।
অনুষ্ঠানে মো. মহিন উদ্দিন বলেন, শিক্ষার্থীরা লেখা পড়ার পাশাপাশি ক্রীড়ায় অংশগ্রহণ করে নিজেদের থেকে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হবে। আমি আশা করব এখান থেকে দেশ সেরা ক্রিকেটার, দেশ সেরা ফুটবলার বের হবে। মেধাবী ক্রীড়াবিদদের সব দায়িত্ব সরকার নেবে। তাদেরকে সরকারী ভাবে ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে।
এদিকে আনোয়ারায় বাছাই পর্বে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট ডিসিপ্লিনে ১২-১৪ বছর বয়সের প্রায় চার শতাধিক কিশোর-কিশোরী প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে নির্বাচিতরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করবেন। প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে এই বাছাই পর্ব।






