আনোয়ারায় তিন অবৈধ বালু মহালকে আড়াই লাখ টাকা জরিমানা

আনোয়ারায় পৃথক অভিযানে অবৈধ বালু মহলে বালু তুলে স্তুপ করায় তিন বালু মহালকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার( ১১ মার্চ) উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম ও কানুমাঝির হাট এবং পরৈকোড়া ইউনিয়নের টাংগার পুল এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।
অভিযান শেষে বালু উত্তোলনের পাইপ ধ্বংস করে স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে এবং বালু পয়েন্টে লাল পতাকা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের টাংগারপুল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায়ীরা বালু তুলে স্তুপ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার অভিযান চালিয়ে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও স্কাভেটর জব্দ করেন।
অপরদিকে বরুমচড়ায় শঙ্খ নদ থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু তুলে ব্যবসা করে আসছিলেন সংঘবদ্ধ চক্র। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে বুধবার বিকেলে প্রথমে রাবার ড্যাম এলাকায় ও পরে কানু মাঝিরহাট ও ভরাচরআএলাকায় অভিযান চালিয়ে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, পরৈকেড়া টাংগারপুল, রাবার ড্যাম, কানুমাঝির হাট ও ভরাচর এলাকায় অভিযান চালিয়ে পাইপ ধ্বংস করে স্কেভেটর ও ব্যাটারি জব্দ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাদের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সবগুলো বালুর পয়েন্টে সংঘবদ্ধ চক্র হওয়ায় আমরা কারা জড়িত তাদের শনাক্ত করতে কাজ শুরু করছি।






