আনোয়ারায় জাফর-আয়েশা ফাউন্ডেশনের ঘর পেলেন দিনমজুর তৌহিদ

আনোয়ারায় অসহায় ও অসুস্থ দিনমজুর তৌহিদুল ইসলামকে নতুন ঘর উপহার দিয়েছে মানবিক সংগঠন জাফর-আয়েশা ফাউন্ডেশন। আজ শনিবার (১৬ মে) দুপুরে আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় নবনির্মিত ঘরটি তৌহিদুল ইসলামকে বুঝিয়ে দেন জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা গিয়াস উদ্দিন, ব্যাংকার নূর খান, শিক্ষক তারেক হাসান ইমন ও জমির উদ্দিন প্রমুখ।
জানা যায়, স্থানীয় দিনমজুর তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ এবং একটি ভাঙা ঘরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বিষয়টি জানার পর জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সাড়ে চার লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই কক্ষের ওই ঘরটি আজ তৌহিদুল ইসলামকে বুঝিয়ে দেওয়া হয়। জাফর-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও আরও ১৪ জনকে ঘর উপহার দেওয়া হয়েছে।
জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ সিকদার বলেন, "এটি আমাদের ১৫তম ইভেন্ট। এর আগে আমরা ১৪টি ঘর হস্তান্তর করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।"






