আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ.টি.এম জাহেদ চৌধুরী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ.টি.এম জাহেদ চৌধুরী

আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ.টি.এম জাহেদ চৌধুরী
ছবি সংগৃহীত।

লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এ.টি.এম জাহেদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। 

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অ্যাডহক কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- অনুমোদিত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি এ.টি.এম জাহেদ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. ওসমান গণি এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আবদুল আলম রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুসারে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে।
এদিকে, আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এ.টি.এম জাহেদ চৌধুরীর মনোনয়নের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ.টি.এম জাহেদ চৌধুরী বলেন, আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

আমি আশা করি, অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় আধুনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারব। দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 
 




পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩
ছবি সংগৃহীত।

চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা।  এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া মডেল মসজিদের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ। এসব ঘটনার প্রতিবাদ এবং চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়।

কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। তবে পুলিশের দাবি, ঘটনাটি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে।

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যান পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। আধাঘন্টা উভয় পক্ষের আলোচনা শেষে তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবি ও পরিস্থিতির বিষয়টি আগামী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থাপনের আশ্বাস দেন। এ ছাড়া বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

ইউএনও ফারহানুর রহমান বলেন, “আশা করি, আলোচনার মাধ্যমে সমাধান আসবে। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে তাঁরা ধীরে ধীরে মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী আশরাফুল আলম তৌকির বলেন, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। দাবি আদায় না হলে রাজপথেই প্রাণ দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

পরে আন্দোলনকারীরা আলটিমেটাম দিয়ে জানান, আগামী বুধবারের মধ্যে ইতিবাচক সমাধান না এলে এবং তাঁদের দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ যুবক গ্রেপ্তার

লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ যুবক গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সোমবার (২১ সেপ্টেম্বর) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পদুয়া ইউনিয়নের ধলিবিলা ৮ নম্বর ওয়ার্ডের আবু সুফিয়ানের ছেলে আব্দুল আল নোমান (২০), পশ্চিম বাঘমুড়া ৬ নম্বর ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে ওমর ফারুক (২৫), একই এলাকার মো. মহসিনের ছেলে মো. জহিরুল ইসলাম টিপু (২৪) এবং আমিরাবাদ ইউনিয়নের হাজিরপাড়া এলাকার সাহাদুল আলমের ছেলে রাজিবুল হাসান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় দায়ের করা মামলা নম্বর-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬-এ সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, আটক 

ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
 




সাতকানিয়া মডেল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা লোকমান হাকিম মানিক

সাতকানিয়া মডেল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা লোকমান হাকিম মানিক
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাই স্কুল পরিচালনায় চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হাকিম মানিক।

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য সুপর্ণা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য রাশেদুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।

শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তারা নতুন কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।

এদিকে মোহাম্মদ লোকমান হাকিম মানিক সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁর যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।