আগামী শনিবার বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

সুবিধাবঞ্চিত ও চক্ষু সমস্যায় ভোগা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প। আগামী ৪ জুলাই (শনিবার) বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পের কার্যক্রম চলবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান শহরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যাম্প পরিচালনা কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজন কমিটির সভাপতি ও সমাজকর্মী উছোমং মার্মা। তিনি জানান, ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আগত রোগীদের বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হবে। পাশাপাশি সাধারণ রোগীদের জন্যও বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, পরীক্ষায় যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হবে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এতে রোগীদের যাতায়াত ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক, কবি ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উং মং উশাতোয়াই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উং কে এস মং।
৩ নম্বর বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মার উদ্যোগে এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উং কে এস মং। সহযোগিতায় থাকবেন ক্যঅংপ্রু মার্মা, মংপু মার্মা, উক্যনু মার্মা, মাংয়াং ম্রো প্রদীপ, সেমপ্রু মার্মাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, সাইফুল আলম, আব্দুল মান্নান, উচসিং মার্মাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও চক্ষু সমস্যায় আক্রান্ত মানুষ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সকলকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তাঁদের আশা, এই উদ্যোগের মাধ্যমে অনেক মানুষ প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি ছানি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগও পাবেন।









